প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ময়নামতি গলফ ক্লাবে 'কারকুমা কাপ' টুর্নামেন্ট সম্পন্ন
কুমিল্লার ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী '১ম কারকুমা কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫'। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে আগত মোট ১০২ জন প্রতিযোগী অংশ নেন।
শনিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট আয়োজিত হয়। শুক্রবার সকালে বর্ণাঢ্য 'টী অফ' অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন টাইটেল স্পন্সর অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উর রশিদ।
টুর্নামেন্টে পুরুষ, নারী, জুনিয়র এবং সাব জুনিয়র ক্যাটাগরি মিলিয়ে মোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন।
শনিবার সন্ধ্যায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বমোট ২১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং বিশেষ অতিথি আমিন উর রশিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এনায়েত রশিদ এই আয়োজনের প্রশংসা করে বলেন, এই টুর্নামেন্ট কুমিল্লা অঞ্চলে গলফ খেলাকে আরও জনপ্রিয় করতে সহায়তা করবে। সফলভাবে আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.