প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
এফ-৩৫ যুদ্ধবিমান পেতে সৌদি আরবকে ইসরায়েলের শর্ত
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেতে হলে সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। সৌদি-মার্কিন অস্ত্রচুক্তি হতে পারে এমন খবরের মধ্যেই দখলদার ইসরায়েল ওয়াশিংটনকে এই শর্ত দিয়েছে। আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকে এই চুক্তি ও সম্পর্ক স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরায়েল সরাসরি কোনো বিরোধিতা না করলেও, রিয়াদকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে পূর্বশর্ত হিসেবে দেখতে চাইছে দখলদার দেশটি।
গত শনিবার (১৫ নভেম্বর) একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, আমরা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছি যে সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার সঙ্গে ইসরায়েল-সৌদির সম্পর্ক স্থাপনকে শর্ত হিসেবে রাখা আবশ্যক। কোনো কূটনৈতিক বিনিময় ছাড়া সৌদিকে এই বিমান সরবরাহ করা হলে তা ভুল ও হিতেবিপরীত হতে পারে।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করে আশা প্রকাশ করেন যে গাজার যুদ্ধ শেষ হওয়ায় এখন সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
অন্যদিকে, ইসরায়েল ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রিতে সম্মতি দিয়েছিল, তবে সেক্ষেত্রে বিভিন্ন নিরাপত্তা শর্ত আরোপ করেছিল। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমানে শুধুমাত্র ইসরায়েলের কাছেই এই অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.