প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
আজ মজলুম জননেতা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন নিপীড়িত মানুষের অধিকার রক্ষার এক আপসহীন কণ্ঠস্বর। দিবসটি উপলক্ষে তাঁর পরিবার, ভক্ত, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছে।
মওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া-ধানগড়া গ্রামে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে আপসহীন নেতৃত্ব দিয়েছেন এই প্রবাদপুরুষ। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে তাঁর ‘খামোশ’ উচ্চারণ রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির উদ্যোগে গঠিত 'মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি'সহ অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে।
অন্যদিকে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১৭ নভেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানিয়েছে। ন্যাপ নেতারা বলেন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করা ইতিহাস কখনো ক্ষমা করবে না।
এছাড়া, মাজার প্রাঙ্গণে ভাসানী ফাউন্ডেশন সাত দিনব্যাপী 'ভাসানী মেলা'র আয়োজন করেছে, যেখানে দেশজ পণ্যের স্টল ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.