প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
কুমিল্লায় মাদক কারবারির হাতে মা-ভাই খুন
কুমিল্লায় মাদকের কারবারে বাধা দেওয়ায় আপন মা এবং ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন—বিল্লালের মা রাহেলা বেগম (৬৫) ও ছোট ভাই কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বিল্লাল হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। সোমবার সকালে মাদকের একটি চালান নিয়ে বাড়িতে এলে ছোট ভাই কামাল হোসেন তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন। মা রাহেলা বেগম তাঁর ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও আঘাত করা হয়।
ছুরিকাঘাতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরেই বিল্লাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিল্লালকে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.