প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
আন্তর্জাতিক গোলে পেলেকে ছাড়ালেন কেইন
ফুটবল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন।
রবিবার রাতে আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ের ম্যাচে তিনি দুটি গোল করে পেলের ৭৭ গোলের রেকর্ডকে পেছনে ফেলেন। এই জোড়া গোলের সুবাদে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শতভাগ জয় ধরে রাখল ইংলিশ দলটি।
আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পেলেকে স্পর্শ করতে কেইনের দরকার ছিল মাত্র একটি গোল। কিন্তু তিনি সেই লক্ষ্য অতিক্রম করে ৭৮টি আন্তর্জাতিক গোলের মালিক হলেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে তাঁর জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। সেখানে কেইন এই রেকর্ড ভাঙলেন তাঁর ১১২তম ম্যাচে।
ম্যাচে কেইন প্রথম গোলটি করেন ৭৪তম মিনিটে। এরপর আট মিনিট পর তাঁর হেড থেকে আসে দ্বিতীয় গোল, যা ম্যাচের জয় নিশ্চিত করে।
ইংলিশ এই ফরোয়ার্ড বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৫–২৬ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তিনি ২৩ ম্যাচে করেছেন ২৮ গোল। গোলের এই ধারাবাহিকতার কারণে তাঁকে ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম প্রধান ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পুরস্কারের দৌড়ে কেইনের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও আর্লিং হালান্ডের মতো তারকারাও।
Copyright © 2026 All rights reserved.