প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরাযাত্রীর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪২ জন উমরা পালনকারীর মৃত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক।
সোমবার (১৭ নভেম্বর) সৌদি আরবের মুফরিহাতের কাছে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করা একটি বাসের ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে এমনটা হয় বলে জানা যায়। স্থানিয় সময় দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকারী দল এবং স্থানীয় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টিভি বলছে, হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্ট নয়, যাচাই করা হচ্ছে। জেদ্দায় ভারতীয় কনস্যুলেট একটি ২৪x৭ হেল্পলাইন স্থাপন করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন। বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পূর্ণ সহায়তা প্রদান করা হবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বেরিয়ে আসার খুব কম সুযোগ পেয়েছেন।
এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো সঠিক সংখ্যা যাচাই করছে।
উদ্ধারকারী দলের মতে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে মৃতদেহ নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
Copyright © 2026 All rights reserved.