প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
বিমর্ষ মুখে রায় শুনছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা প্রক্রিয়া শুরু হয়। মামলার একমাত্র উপস্থিত আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এ সময় আদালত কক্ষে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্ত অংশ ছয় ভাগে বিভক্ত করে পড়ছেন বিচারক। রায়ে শেখ হাসিনার কল রেকর্ড এবং জাতিসংঘের রিপোর্ট নিয়েও আলোচনা হচ্ছে।
মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ এবং রংপুরে একজন শিক্ষার্থীসহ ঢাকা ও আশুলিয়ায় মোট ১২ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা।
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সাবেক আইজিপি মামুনকে সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। তিনি এই মামলায় 'রাজসাক্ষী' (Approver) হিসেবে জবানবন্দি দিয়েছিলেন।
এদিকে, এই ঐতিহাসিক রায়টি বাংলাদেশ টেলিভিশন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.