প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
ফারুকীর বার্তা: ট্রমা থেকে মুক্তি দেবে ন্যায়বিচার
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে দেওয়া সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ন্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে এবং আমাদের গভীর ক্ষতের নিরাময় করতে পারে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে এই মামলার রায় পড়া হচ্ছে।
রায় ঘোষণার এই দিনে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শহীদ পরিবার এবং আহতদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লেখেন, টিভিতে জুলাইয়ে আহতদের কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লেখা স্কার্ফ পরে ট্রাইব্যুনালে ঢুকতে দেখা গেছে। তিনি জানান, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা যায় বেশিরভাগ পরিবারই এখনো সন্তান হারানোর শোকে কাঁদছেন এবং তাঁদের মুখে কেবল একটিই দাবি— 'বিচার চাই'।
তিনি মন্তব্য করেন, দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ—এই দৃশ্যটিই প্রতিটি শহীদের পরিবারের এবং পুরো বাংলাদেশের কাঁধে চাপানো ন্যায়বিচারের ভারকে মনে করিয়ে দেয়।
প্রসঙ্গত, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর রায় পড়া শুরু হয়। এ মামলার আসামিরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (উভয়ই পলাতক) এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের সামনে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে।
Copyright © 2026 All rights reserved.