প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
হিজবুল্লাহর ২ কমান্ডার নিহত: লেবাননে ইসরাইলি হামলা
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) রুশ সংবাদ সংস্থা তাস, টিভি চ্যানেল আল হাদাথের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে। টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাঁদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। চলতি বছর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেও লেবাননে ইসরাইলের হামলায় ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহত কমান্ডারদের গাড়িটি টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় আঘাতপ্রাপ্ত হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলের হামলা বেড়েছে। এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হন। এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহও নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও চলতি বছরে ইসরাইল দেশটিতে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
Copyright © 2026 All rights reserved.