প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
যেসব অভিযোগে সাজা পেলেন হাসিনা
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হওয়ার পর বেলা ২টা ৫৪ মিনিটে দণ্ড ঘোষণার মাধ্যমে ট্রাইব্যুনালের রায় শেষ হয়। এই রায়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় এটিই প্রথম মামলার রায়।
• অপরাধের মাস্টারমাইন্ড: প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড বা সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে আদালতে উপস্থাপন করেছিল।
• মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ: আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই মারণাস্ত্র (লিথাল উইপন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়।
• সম্পত্তি বাজেয়াপ্ত: প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের দেশের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
• পাঁচটি অভিযোগ: শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি প্রধান অভিযোগ আনা হয়, যার মধ্যে ছিল—উসকানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রংপুর, চানখাঁরপুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ড ঘটানো।
Copyright © 2026 All rights reserved.