প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
ভেনেজুয়েলা সীমান্তে মার্কিন রণতরী, বাড়ছে সামরিক প্রস্তুতি
ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গণমাধ্যম এনপিআর জানিয়েছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড রবিবার (১৬ নভেম্বর) উত্তর ক্যারিবীয় সাগরে পৌঁছাবে। এই রণতরী দলের সঙ্গে ১৫ হাজার মার্কিন সেনা ও ২ হাজার মেরিন যুক্ত হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়াশিংটনকে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ভেনেজুয়েলায় সরাসরি হামলার ঘোষণা দেননি। তবে সম্প্রতি তিনি জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি 'মনে মনে সিদ্ধান্ত' নিয়েছেন, যদিও বিষয়টি তিনি স্পষ্ট করেননি। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, এসব সামরিক পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে তাঁর সমর্থকদের সামনে বক্তৃতায় মার্কিন সামরিক মহড়ার কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মাদুরো আরও প্রশ্ন তোলেন, ত্রিনিদাদ ও টোবাগো কি তাদের ভূখণ্ড মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে?
Copyright © 2026 All rights reserved.