প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে হস্তান্তরের আহ্বান
জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দ্রুত হস্তান্তরের জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়। মন্ত্রণালয় সতর্ক করেছে যে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে গণ্য হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও আত্মগোপনে যাওয়ার পর ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের জন্য 'অবশ্যপালনীয় দায়িত্বও বটে'।
তবে, অন্তর্বর্তী সরকার এর আগেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এই বিষয়ে ভারত সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি।
Copyright © 2026 All rights reserved.