প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
হাসিনার রায়কে কেন্দ্র করে ফেনীতে নাশকতার চেষ্টা গ্রেপ্তার ৯
জুলাই আগস্ট গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা কালে ফেনীতে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে কেরোসিন, পেট্রোল ও গ্যাস লাইট পাওয়া গেছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম জানান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় আবদুল্লাহ আল মাসুম (২২) ও মো. রাজু (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাস লাইটার জব্দ করা হয়।
অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা কালে রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮), সিয়াম (১৮) সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও নাশকতার মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.