ভারতের ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিংয়ের বাবা বলেছেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমার জীবন সম্পূর্ণ। যখন ঈশ্বর চাইবেন আমাকে নিয়ে যাবেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।
যোগরাজ সিং প্রায়ই আলোচনায় আসেন তার খোলামেলা মতামত এবং বিতর্কিত মন্তব্যের কারণে-বিশেষ করে মহেন্দ্র সিং ধোনিকে দোষারোপ করে যুবরাজের ক্যারিয়ারের শেষটা সন্তোষজনক না হওয়ার অভিযোগ করেছিলেন।
ব্যক্তিজীবনেও দীর্ঘস্থায়ী সম্পর্কের অভাব রয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের একাকিত্বের লড়াই নিয়ে যে কথা বলেছেন, যা ভীষণ আবেগঘন ও বেদনাদায়ক।এমনকি তিনি বলেছেন, আমি প্রস্তুত মৃত্যুর জন্য, জীবন আমার সম্পূর্ণ।
বর্তমানে স্ত্রী-সন্তানদের থেকে আলাদা বসবাস করছেন যোগরাজ। তিনি জানান, খাবারের জন্যও কখনো কখনো অপরিচিত মানুষের ওপর নির্ভর করতে হয়।
যোগরাজ বলেন, সন্ধ্যায় আমি একা বসে থাকি ঘরে কেউ নেই। খাবারের জন্য অপরিচিতদের ওপরই ভরসা করি-কখনো একজন, কখনো আরেকজন। কাউকে বিরক্ত করি না। কেউ না কেউ খেতে দিয়ে যায়। বাড়িতে রান্নার লোক আছে। ওরা খাবার করে নিজেদের মতো বাড়ি চলে যায়।
তিনি আরও বলেন,আমি আমার মা, সন্তান, পুত্রবধূ, নাতি–নাতনিদের ভালোবাসি। কিন্তু কারও কাছে কিছু চাই না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার জীবন সম্পূর্ণ। যখন ঈশ্বর চাইবেন, আমাকে নিয়ে যাবেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।
৬২ বছর বয়সী যোগরাজ জানান, তার স্ত্রী ও ছেলে যুবরাজ যখন তাকে ছেড়ে চলে গেলেন, সেটা ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কা। যাকে নিয়ে আমি জীবন, যৌবন সব কাটালাম-সেও আমাকে ছেড়ে চলে গেল! তিনি মনে করেন তিনি নির্দোষ তবুও এমন একাকিত্ব তার প্রাপ্য কেন, তা বুঝতে পারেন না।
সেটা কেন হলো বুঝতে পারিনি। আমি তো সবার জন্য ভালোই করেছিলাম। ভুল যদি করি তাও সামান্য। কারও সঙ্গে খারাপ করিনি। কাঁদতাম ঈশ্বরের সামনে তিনিই আমাকে উদ্ধার করেছেন।
যোগরাজ প্রথম বিয়ে করেছিলেন শবনম কৌরকে, যাদের দুটি ছেলে-যুবরাজ ও জোরাভর। দাম্পত্যকলহে তাদের বিবাহ ভেঙে যায়। যুবরাজ নিজেও বলেছিলেন, বাবা–মা সারাক্ষণ লড়াই করতেন বলে তিনিই তাদের বিচ্ছেদের পরামর্শ দিয়েছিলেন।
যোগরাজ বলেন, সবই ঈশ্বরের খেলা। প্রথমে রাগ প্রতিশোধ-এসব ছিল। তারপর ক্রিকেট এল, শেষও হয়ে গেল। যুবিকে ক্রিকেট খেলালাম, ও খেলল, চলে গেল। আবার বিয়ে করলাম, দুই সন্তান হলো-তারাও আমেরিকায় চলে গেল। কিছু সিনেমা করলাম… সময় কেটে গেল, একই জায়গায় এসে দাঁড়ালাম। ভাবলাম, এত কিছু করলাম কার জন্য? আজ আমার সঙ্গে আছে কে? এটা হওয়াই ছিল, ভালোই হয়েছে।
যোগরাজ সিংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল খুব ছোট। ৮০’র দশকের শুরুতে ভারতের হয়ে তিনি খেলেছেন ১টি টেস্ট ও ৬টি ওয়ানডে। ইনজুরির কারণে ক্যারিয়ার থেমে গেলেও কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গেই রয়েছেন তিনি।