প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
গফরগাঁওয়ে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আকিয়াপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে মশাখালী-মুখী সড়কে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটির চালক এহসান হাবিব গাড়িটি রেখে বাড়িতে খেতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন তাঁর ভ্যানটিতে আগুন জ্বলছে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ৫ থেকে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান। মাত্র দশ মিনিটের মধ্যেই ভ্যানটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন দ্রুত বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক জানান, পিকআপটি প্রায় ১৫ মাস আগে ২২ লাখ টাকায় কেনা হয়েছিল। তিনি আরও জানান, আগুন লাগার পরপরই আশপাশের লোকজন তিনটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন মুখোশধারী দুর্বৃত্তকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
Copyright © 2026 All rights reserved.