প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
শার্শায় বোমা বিস্ফোরণ, আহত যুবক
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ নিয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে: পরিবারের দাবি অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে হামলা করেছে, তবে স্থানীয় একটি সূত্রের বক্তব্য বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন।
বিপ্লব হোসেনের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বিপ্লব দরজা খুলে বাড়ির বাইরে বের হলে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কৃষি কাজ করা যুবক বিপ্লব গুরুতর আহত হন।
অন্যদিকে, স্থানীয় একটি সূত্র থেকে ভিন্ন তথ্য পাওয়া যায়। তাদের মতে, বিপ্লব নিজেই বাড়িতে বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। একই এলাকায় সম্প্রতি ককটেল উদ্ধারের ঘটনা ঘটায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোহাগ হোসেন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.