প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
হাসিনার পক্ষে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) রাতে লাভলুর বাসার সামনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হলে শাহবাগ থানা পুলিশ তাঁকে আটক করে। পুলিশের দাবি, সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক হওয়ার আগে লাভলু মোল্লাহ একটি ভিডিও বার্তা প্রচার করেন। ওই বার্তায় তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মঙ্গলবার নিশ্চিত করেছেন যে লাভলু মোল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, গতকাল (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের পরপরই ঢাবি কর্মকর্তার ফেসবুক পোস্টটি তীব্র বিতর্কের জন্ম দেয়।
Copyright © 2026 All rights reserved.