প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
হাসিনা-কামাল: ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্টের প্রস্তুতি
চব্বিশের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এখন তাদের বিরুদ্ধে ইন্টারপোলে ‘কনভিকশন ওয়ারেন্ট’ বা সাজার পরোয়ানা জারির জন্য আবেদন করবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য জানান। এই বিষয়ে কাজ শুরু হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি ইন্টারপোলে পাঠানো হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের নিশ্চিত করেন যে, পলাতক দুই আসামির বিরুদ্ধে আগে যে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছিল, এখন তার বদলে সাজার পরোয়ানামূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল (সোমবার) পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হয়েছে। এ রায়ের সার্টিফাইড কপি প্রসিকিউশন, গ্রেপ্তারকৃত আসামি এবং রায়ের কার্যকরিতার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পলাতকরা যদি ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হন, তাহলে তারাও বিনামূল্যে রায়ের কপি পাবেন।
প্রসঙ্গত, গতকালের রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে থাকা মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়।
Copyright © 2026 All rights reserved.