প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
দুই ভেন্যুতেই নারী আইপিএলের সব ম্যাচ
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল বা নারী আইপিএল) চতুর্থ মৌসুমের জন্য দুটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে, এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং বরোদার কোটাম্বি স্টেডিয়ামে। গতবার তিনটি মাঠে খেলা হলেও, এখনও হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে শুরু না হওয়া এই প্রতিযোগিতা এবার কেবল দুটি ভেন্যুতেই সীমাবদ্ধ থাকবে।
ক্রিকেটভিত্তিক সূত্র অনুযায়ী জানা গেছে, নারী আইপিএলের প্রথম অংশের খেলাগুলো আয়োজিত হবে মুম্বাইয়ে, আর দ্বিতীয় অংশ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বরোদার কোটাম্বি স্টেডিয়ামে। জাতীয় দলের আন্তর্জাতিক সূচি এবং অন্যান্য বৈশ্বিক লিগের কথা মাথায় রেখে ডব্লিউপিএল-এর জন্য জানুয়ারি মাসের শুরুর দিককে বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে মাঠ নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আগামী ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.