প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
৪২০ কোটি টাকায় ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনছে সরকার
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রম পরিচালনার জন্য ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রায় ৪২০ কোটি টাকা মূল্যের ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে সরকার। এক লাখ ২০ হাজার সংখ্যক ভায়াল ভ্যাকসিন কিনতে মোট ব্যয় হবে ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় স্বাস্থ্য সেবা বিভাগের এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই ভ্যাকসিন ক্রয় মূলত ২০২৫-২৬ অর্থবছরের মোট চাহিদার ৫০ শতাংশ। বাকি অর্ধেক ভ্যাকসিন ভবিষ্যতে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে কেনা হবে।
স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রস্তাব উপস্থাপনের পর তা পর্যালোচনা করা হয়। পরে পিইসি কর্তৃক প্রস্তাবটি যাচাই এবং নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা হয়। সেই সুপারিশ অনুযায়ী, জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে এই বিশাল সংখ্যক ভায়াল ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে দেশের গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে চলমান রাখা সম্ভব হবে।
Copyright © 2026 All rights reserved.