প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
কুষ্টিয়ায় নৌকাডুবি, ২ কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর শাখা খালে ডিঙি নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় দুজন কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তাঁরা চারজন মিলে আখ ক্ষেতে কাজ করার জন্য নৌকাতে নদী পার হচ্ছিলেন। তবে সাঁতার জানা দুজন প্রাণে রক্ষা পেলেও, বাকি দুজন ডুবে মারা যান।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রতিদিনের মতোই রশিদ, মামুনসহ মোট চারজন একটি ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সঙ্গে থাকা শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে কিনারায় উঠতে পারলেও, সাঁতার না জানায় অপর দুই কৃষক ডুবে যান।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই দুই কৃষকের মরদেহ উদ্ধার করেন। ভেড়ামারা থানা এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
Copyright © 2026 All rights reserved.