প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, সই হতে পারে ৩ চুক্তি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তিনি আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরের প্রথম দিনই ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এবং তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনার আগে দুই সরকারপ্রধান একান্ত আলাপে অংশ নেবেন। পররাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.