প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
মুশফিক-লিটনের শতকে বাংলাদেশের ৪৭৬
মুশফিকুর রহিম (১০৬) ও লিটন দাসের (১২৮) জোড়া সেঞ্চুরির সুবাদে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
মুশফিক বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই শতক পূর্ণ করে শততম আন্তর্জাতিক ম্যাচ সেঞ্চুরিতে রাঙান। তাঁর বিদায়ের পর সেঞ্চুরি করেন লিটনও। একই ইনিংসে শত রানের তিনটি ভিন্ন জুটি গড়ে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বিরল এক নজির স্থাপন করেছে। আইরিশদের পক্ষে অভিজ্ঞ স্পিনার ম্যাকব্রাইন সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের ২৯২/৪ রানের পর দ্বিতীয় দিনের শুরুতে মুশফিক ব্যক্তিগত ১০৬ রান করে আউট হন। মুশফিক এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের হয়ে (মুমিনুলের সঙ্গে যৌথভাবে) সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক হলেন। এরপর লিটন দাস আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১২৮ রান করে আউট হন। মুমিনুল হক ৬৩ ও মেহেদী হাসান মিরাজ করেন ৪৭ রান।
এই ইনিংসে বাংলাদেশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। টেস্ট ক্রিকেটের একই ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শত রানের জুটি গড়ার কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। মুশফিক-মুমিনুল (১০৭), মুশফিক-লিটন (১০৮), এবং লিটন-মিরাজ (১২৩) এই রেকর্ড গড়েন। এর আগে কেবল ভারত ও পাকিস্তানের এই নজির ছিল। এছাড়া মুশফিক-লিটন জুটি সপ্তমবারের মতো শত রানের পার্টনারশিপ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ শত রানের জুটির রেকর্ডটি নিজেদের করে নিলেন।
Copyright © 2026 All rights reserved.