প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
শেয়ার কারসাজি: সাকিবকে তলব করল দুদক
শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৬ নভেম্বর তাঁকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মো. আবুল খায়ের ওরফে হিরুসহ মোট ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। মামলা তদন্তের অংশ হিসেবে সাকিবকে তলব করা হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়। এই মামলায় সাকিব ছাড়াও মোট ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, মূল অভিযুক্ত আবুল খায়ের শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন করেন এবং অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।
এছাড়াও, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে। তলবের সময় ওই অভিযোগ সংক্রান্ত বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
Copyright © 2026 All rights reserved.