প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
প্রেমঘটিত বিষয়ে সালিশ, অপমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
মাদারীপুরের শিবচরে প্রেমঘটিত একটি বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সালিশে চরম অপমানিত হওয়ার জেরে সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার আলেপুর এলাকায় নিজ ঘরে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত সুমাইয়ার পরিবার এই ঘটনার জন্য স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তাঁর লোকজনকে দায়ী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তাঁর লোকজন রিফাতকে সঙ্গে নিয়ে সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া এবং তার পরিবারের সদস্যদের জনসমক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান করেন।
পরিবারের অভিযোগ, প্রকাশ্যে এই অপমান সহ্য করতে না পেরেই সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে এবং ওই রাতেই আত্মহত্যার পথ বেছে নেয়। নিহত সুমাইয়ার বাবা এই ঘটনার প্ররোচনাকারীদের সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
Copyright © 2026 All rights reserved.