প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েচে যেসব জেলা
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী, দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ 'জোন-১'-এর আওতাভুক্ত। এই উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, পুরো কিশোরগঞ্জ এবং পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা। অন্যদিকে, খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী এলাকায় ঝুঁকি সর্বনিম্ন।
বিশেষজ্ঞরা বলছেন, ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা উচ্চঝুঁকিপূর্ণ হওয়ায় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের চারপাশে ডাউকি ফল্টসহ ভূমিকম্পের পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। অতীতেও এই এলাকাগুলোতেই জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তথ্য অনুযায়ী, ঢাকায় প্রায় ৬ লাখ বহুতল ভবন (৪ থেকে ৩০ তলা) উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিল্ডিং কোড অনুসরণ না করে নির্মিত এই ভবনগুলো বড় ধরনের ভূমিকম্পে ধসে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপক মন্তব্য করেন, ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার কম্পনেই যদি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় কম্পন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করে তোলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
Copyright © 2026 All rights reserved.