হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।
ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আবার অনেক শিক্ষার্থী বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।
এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।
এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ সময় আজ রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবাইকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, রবিবার থেকে আগামী দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষার্থীদের রবিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে হবে। হলগুলো সংস্কার ও প্রস্তুত করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে।
শনিবার জরুরি সভায় ক্লাস-পরীক্ষা স্থগিত এবং সব আবাসিক হল খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।