প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
টাঙ্গাইলে পচা মাংসের বিরিয়ানি বিক্রি: ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এলাকায় অবস্থিত একটি রান্নাঘরে অভিযান চালিয়ে বাসি ও পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত করার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে পরিচালিত এই অভিযানে দেখা যায়, রান্নার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। জানা গেছে, এই রান্নাঘর থেকে দেশের পরিচিত তিনটি বিরিয়ানি সরবরাহকারী প্রতিষ্ঠান—কাচ্চি খাদক, হাজী বিরানি ও হানিফ বিরানিতে নিয়মিত খাবার সরবরাহ করা হতো।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, রান্নাঘরটি ছিল নোংরা, দুর্গন্ধযুক্ত এবং সেখানে বাসি খাবার পুনরায় রান্না করা হতো। ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আরও বলেন, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় রান্নাঘরটি অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে টাঙ্গাইল সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
Copyright © 2026 All rights reserved.