প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা সোমবার (২৪ নভেম্বর) স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি প্রদান সম্পন্ন করতে হবে। যোগ্যতা, আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য তথ্য উল্লিখিত ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে। আবেদন বা ভর্তিসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।
Copyright © 2026 All rights reserved.