প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
ভূমিকম্পের প্রস্তুতি: জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৈঠকে ভূমিকম্পের বিষয়ে আগাম বার্তা পাওয়া কিভাবে পাওয়া যায়, এ সম্পর্কে জনগণকে কিভাবে সতর্ক করা যায় এবং রেসকিউ সম্পর্কিত বিষয়ে আলোচনা হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সেখানে এ বিষয়ে সংশ্লিষ্টরা উপস্থিত আছেন।
গতশুক্র ও শনিবার দুই দিনে চার দফা ভূমিকম্পে দেশে আতঙ্কিত পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা এ বৈঠকে বসেছেন।
গত শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে।
ওই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।
রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
Copyright © 2026 All rights reserved.