প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা
কর-শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে দুদক।
সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলছেন, তাদের সম্পদ যাচাই-বাছাইয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।
সংস্কারসহ নানা দাবিতে চলতি বছরের জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে। ঠিক তখনই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার, কয়েকজন সদস্যসহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে দুদক।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, সংস্থাটির অনুসন্ধানের এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সস্পদ বিবরণীর নোটিশ জারি করে। এসব সম্পদ হিসাব যাচাই করতে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ বেশ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করার কথা জানিয়েছে দুদক।
এদিন ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।
Copyright © 2026 All rights reserved.