প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
মেট্রো পাসে অনলাইনে রিচার্জ শুরু: শেখ মইনউদ্দিন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটি ‘ডিজিটাল ফেজে’ নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমআরটি বা র্যা পিড পাস অনলাইনে রিচার্জের ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এর ফলে যাত্রীদের স্টেশনে এসে লাইনে দাঁড়াতে হবে না, তারা বাসা থেকেই পাস রিচার্জ করতে পারবেন।
শেখ মইনউদ্দিন বলেন, অনেক উন্নত দেশের তুলনায় আমরা ডিজিটালি পিছিয়ে থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে। তিনি জানান, এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পাবেন। পরবর্তী ধাপে স্মার্টফোন ব্যবহার করে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন করার প্রচেষ্টা চালানো হবে।
তিনি আরও যোগ করেন, সরকার শুধু এমআরটি লাইনেই থেমে নেই। এমআরটি কার্ড ব্যবহার করে যাত্রীরা যাতে বাসসহ অন্যান্য পরিবহনে উঠতে পারেন, সেই ব্যবস্থা ইতোমধ্যে শুরু করা হয়েছে।
হাতিরঝিল চক্রাকার বাস, বিআরটিসি এবং ওয়াটার বাসে এই সুবিধা বাস্তবায়ন করা হয়েছে। তাঁর মতে, যাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন ট্রানজিশন নিশ্চিত করা এবং বিভিন্ন স্থানে টিকিট কাটার ভোগান্তি কমানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
Copyright © 2026 All rights reserved.