প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
বাংলা কিউআরে টাকা জমা হবে সঙ্গে সঙ্গে
বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে মার্চেন্টের অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তরের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে একদিন পরে টাকা জমা হওয়ার যে ব্যবস্থা প্রচলিত, তা পরিবর্তন করে মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। দেশে নগদ লেনদেন কমানো ও ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে নির্দেশনা পাঠিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ১০ লাখ টাকার নিচে পেমেন্ট করলে তাৎক্ষণিকভাবে মার্চেন্টের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার সুবিধা নিশ্চিত করতে হবে। তবে অন্যান্য বড় মার্চেন্টদের ক্ষেত্রে, আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহক সম্পর্ক ও ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে অর্থ স্থানান্তরের সময়সীমা নিজেরাই নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি সর্বজনীন ও আন্তঃলেনদেন যোগ্য পেমেন্ট ব্যবস্থা। এর বিশেষত্ব হলো, একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে গ্রাহকরা যেকোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন।
Copyright © 2026 All rights reserved.