প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
মেসিকে আর্জেন্টিনায় আনা ম্যানেজার সাউতো মারা গেছেন
আর্জেন্টাইন ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। লিওনেল মেসিকে স্পেনের বদলে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক ও জাতীয় দলের দীর্ঘদিনের ম্যানেজার ওমর সাউতো ৭৩ বছর বয়সে মারা গেছেন।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং স্বয়ং মেসি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় দলের প্রতি তাঁর দায়িত্ববোধ ও নিষ্ঠা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে এএফএ।
মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠার কারণে তাঁর স্পেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ এসেছিল। এমনকি একসময় তিনি স্পেনের হয়ে খেলার দ্বারপ্রান্তে ছিলেন বলেও জানা যায়। কিন্তু ওমর সাউতোর উদ্যোগেই মেসির নিয়তি লেখা হয় আর্জেন্টিনায়।
জানা যায়, একটি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের পর কোচ হুগো তোকাল্লি সাউতোকে দায়িত্ব দেন মেসিকে খুঁজে বের করার। সাউতোর প্রচেষ্টার ফলেই মেসির বাবা হোর্হে মেসি উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেন এবং জানান যে তাঁর ছেলে আর্জেন্টিনার হয়েই খেলতে চায়। স্পেন যাতে মেসিকে না নিতে পারে, সেজন্য সাউতো এবং তোকাল্লি মিলে কিছু ম্যাচের আয়োজন করেছিলেন। সেই সময়টিকেই সাউতো মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করতেন।
ওমর সাউতোর স্মৃতিতে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন মেসি। তিনি বলেন, আপনি সবসময়ই পাশে ছিলেন এবং আপনিই সেই মানুষ, যিনি এএফএ’র নজরে আমাকে এনেছিলেন। আপনার ছাপ চিরদিন রয়ে যাবে। আমরা আপনাকে কখনো ভুলব না, ওমর। শান্তিতে ঘুমান।
Copyright © 2026 All rights reserved.