প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
বাংলাদেশকে সামুদ্রিক সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের
সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে পাকিস্তান সরকার বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) মধ্যে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এই খবর প্রকাশিত হয়। লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব উত্থাপন করেন।
পাকিস্তানের প্রস্তাবে যৌথ কন্টেইনার এবং বাল্ক শিপিং পরিষেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্র পরিবহন উন্নয়নে সহযোগিতা এবং পারস্পরিক বন্দর-কল সুবিধা প্রদানের মাধ্যমে একটি বিস্তৃত অংশীদারিত্বের কথা বলা হয়েছে।
পাকিস্তানের মন্ত্রী উল্লেখ করেন, বন্দর-থেকে-বন্দর সহযোগিতা আরও ঘনিষ্ঠ হলে সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ হ্রাস পাবে, আঞ্চলিক বাধা কমবে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একীকরণের নতুন পথ খুলে যাবে।
বৈঠকে উভয় পক্ষই একটি 'পাকিস্তান-বাংলাদেশ সমুদ্র সংলাপ' শুরু করতে সম্মত হয়েছে। এই কাঠামোগত প্ল্যাটফর্মে বন্দর উন্নয়ন, জাহাজ চলাচল খাতের সহযোগিতা, সুনীল অর্থনীতি, মৎস্য এবং অন্যান্য উদীয়মান সমুদ্র সমস্যা নিয়ে নিয়মিত আলোচনার সুযোগ তৈরি হবে।
Copyright © 2026 All rights reserved.