প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ২৮জন উদ্ধার
পৃথক দুটি অভিযানে মাদক পাচারের চেষ্টাকালে ১৮ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এই পাচারকারীরা মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য (সিমেন্ট, খাদ্য ও অন্যান্য সামগ্রী) মায়ানমারে পাচার করার চেষ্টা করছিল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অপর এক অভিযানে সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ আরও ২৮ জন ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, সোমবার ও মঙ্গলবারের অভিযানে মোট ১৮ জন চোরাকারবারিকে আটক করা হয়। প্রথম অভিযানে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছে সমুদ্র এলাকা থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মায়ানমারে পাচার চেষ্টা করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযানে কক্সবাজারের বাকখালী মোহনা এলাকা থেকে আরও ৯ জন পাচারকারীকে আটক করা হয়। এই অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ময়দা, কয়েল, রসুন, সাবান, সার ও সয়াবিন তেলসহ নানা পণ্য জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হওয়া ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এই পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রুমেন চৌধুরী/রাজধানী
Copyright © 2026 All rights reserved.