প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
রাউজানে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), গুলি ও ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ প্রকাশ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাউজান থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে কুখ্যাত সন্ত্রাসী রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা পিস্তলের গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই দিনে সুলতানপুর এলাকার একটি গরুর ফার্মে অভিযান চালায়। সেখান থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় এলজি এবং শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, রাউজান পৌরসভার সুলতানপুর এলাকার বাসিন্দা রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনে সক্রিয় ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রুমেন চৌধুরী/রাজধানী
Copyright © 2026 All rights reserved.