প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
বিসিএস পেছানোর দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী পেছানোর দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে সাভারের ডেইরীগেট এলাকায় এই অবরোধ শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, লিখিত পরীক্ষার সময়সূচী পরিবর্তনের দাবিতে তাঁরা সারা দেশের পরীক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি পালন করছেন। এই অবরোধের ফলে সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.