প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
কক্সবাজারে রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
কক্সবাজারে ইয়াবা পাচারের একটি মামলায় এক রোহিঙ্গাসহ মোট দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের সোনা মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রামু থানায় মামলা দায়ের করেন। পরে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালত এই মামলায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের সোনা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুর এবং মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। অন্যদিকে, রামু উপজেলার রাজারকুল এলাকার আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
পিপি সিরাজুল ইসলাম আরও জানান, বিচারকার্য চলাকালীন সময়ে অভিযুক্ত পাঁচজনই জামিনে ছিলেন। তাদের মধ্যে বর্তমানে চারজন পলাতক রয়েছেন।
Copyright © 2026 All rights reserved.