প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
রামুতে সিএনজি চালকসহ ১২ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ১২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।
লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় মেজর মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালায়।
আটক সিএনজি চালক জালাল উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও, সিএনজির চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে তাঁরা নিয়মিত অভিযান চালাচ্ছেন। আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মো: নাছিম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.