আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের বিস্ফোরক মন্তব্য আলোচিত-সমালোচিত হয়ে উঠেছে। সাধারণত অধিনায়করা এত সরাসরি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন না, কিন্তু লিটনের কথাগুলো এবার ব্যতিক্রম।
মূলত সবকিছু শুরু হয় শামীম হোসেনের বাদ পড়াকে কেন্দ্র করে। তার সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো ছিল না। শেষ তিনটি টি-টোয়েন্টিতে যথাক্রমে ০, ১, ১ রান করে।
তবে তার সিরিজ থেকে বাদ পড়া নিয়ে অধিনায়কের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে লিটন বলেন, দেখুন (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, নির্বাচকরা আমাকে কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছেন। এতেই থেমে যাননি লিটন। তিনি প্রশ্ন তোলেন দলের নির্বাচনের প্রক্রিয়া নিয়েও, আমি এত দিন জানতাম যে অধিনায়ক হিসেবে অন্তত জানি কোন খেলোয়াড় ঢুকবে, কোন খেলোয়াড় আউট হবে,তা আমাকে জানাতে হবে।
শামীমের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম। মিডল অর্ডারে তার সঙ্গে আছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান। এমন এক দলে ব্যাটিং ব্যালেন্স না থাকায় লিটনের প্রশ্ন, গুড পয়েন্ট! আন্তর্জাতিক ক্রিকেটে রাইট-হ্যান্ড ও লেফট-হ্যান্ড ব্যাটার থাকা জরুরি। তবে এমন কিছু পরিবর্তন আমাদের জানালে ভালো হতো।
লিটন মনে করেন, সব খেলোয়াড়ের কাছ থেকে প্রতিটি সিরিজে পারফরম্যান্স আশা করা ঠিক নয়। শামীম এক সময় কয়েকটি সিরিজে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে। সেখান থেকে বাদ পড়া তার জন্য হতাশাজনক।
অধিনায়ক হিসেবে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন লিটন, আমি শুধু সরি বলতে পারি। আমি চাই খেলোয়াড়রা সব ম্যাচে পারফর্ম করবে, কিন্তু দু-তিনটা সিরিজে পারফর্ম না করলে সমর্থন দেওয়া উচিত। আমি সত্যিই সরি যে শামীমকে সমর্থন দিতে পারিনি।
বোর্ড বা নির্বাচকদের সঙ্গে যোগাযোগ বা দূরত্ব নিয়ে প্রশ্নে লিটন স্পষ্ট, নির্বাচক প্যানেল ও বোর্ড আমাকে পুরোপুরি বলে দিয়েছেন, আমাকে যেই দল দেওয়া হবে সেই দল নিয়ে কাজ করতে হবে। আমার এখানে কোনো কথার স্থান নেই।
পুরোনো ধারণা ও বর্তমান বাস্তবতার ফারাকও তুলে ধরেছেন তিনি, আগে ধারণা ছিল অধিনায়ক দল গোছানোর পরিকল্পনা রাখে। কিন্তু এখন আমার কাজ হলো দেওয়া দল নিয়ে মাঠে ভালো কিছু দেখানো।
বিশ্বকাপেও একই ঘটনা ঘটলে কী করবেন-এমন প্রশ্নে লিটন বলেন, আমাকে যে দলটা দেওয়া হবে, সেই দল নিয়ে একাদশ খেলানোর চেষ্টা করব।অধিনায়ক হিসেবে ভবিষ্যৎ কি হবে-এমন প্রশ্নে লিটন কেবল বলেন, ওটা পরে দেখা যাবে।
তাঁর এই অভিযোগ নিয়ে জানতে চাইলে প্রথম আলোকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘দল নির্বাচন নিয়ে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে সব সময় অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলা হয়। মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে অধিনায়ককে আমরা আমন্ত্রণ জানাই সিলেক্টরস রুমে, সেখানে দল নিয়ে আলোচনা হয়। যদিও খুব লম্বা সময় ছিল না আলোচনাটা।
আলোচনার এক পর্যায়ে ওভারঅল বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করি। ব্যাটিংয়ের ফর্ম নিয়ে একটা তো উৎকণ্ঠা আমাদের আছে এবং সেই ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনার একটা পর্যায়ে শামীমের নামও এসেছিল। তাঁর ব্যাপারে আমি অধিনায়কের অবস্থান জানতে চাইলে আমাকে পরিষ্কারভাবে জানান, তিনি শামীমকে দলে রাখতে চান। এটা খুবই পরিষ্কার। যোগ করেন গাজী আশরাফ হোসেন।