প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
খেলাপি ঋণ এখন ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাত যেন ঋণখেলাপির এক গভীর খাদে পড়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ। মাত্র একবছরে এই অঙ্ক বেড়েছে প্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ— বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ হার।
অপরদিকে, গত বছরের একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ ছিল। অর্থাৎ একবছরের ব্যবধানে খেলাপি ঋণ প্রায় দেড়গুণের বেশি বেড়ে গেছে, যা ব্যাংকিং খাতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সর্বশেষ হিসাব বলছে— জুন মাসের তুলনায় প্রায় সব সূচকেই খেলাপি ঋণ ও সংশ্লিষ্ট ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
**খেলাপির হার দ্বিগুণের বেশি
গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১৬.৯৩ শতাংশ। একবছরের ব্যবধানে এ হার লাফিয়ে দাঁড়িয়েছে ৩৫.৭৩ শতাংশে, যা কার্যত দ্বিগুণেরও বেশি। তার আগের দুই ত্রৈমাসিকেও পরিস্থিতির দ্রুত অবনতি দেখা যায়— মার্চ ২০২৫: খেলাপির হার ২৪.১৩ শতাংশ, জুন ২০২৫: খেলাপির হার ৩৪.৪০ শতাংশ, সেপ্টেম্বর ২০২৫: খেলাপির হার ৩৫.৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, প্রকৃত খেলাপি ঋণ দীর্ঘদিন ধরে গোপন ছিল। কঠোর নজরদারি, নতুন নির্দেশনা এবং বিশেষ অডিটের ফলে বর্তমানে আসল অবস্থাটি প্রকাশ পাচ্ছে। তিন মাসে খেলাপি বেড়েছে ৩৬ হাজার কোটি টাকার বেশি
চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকগুলোর মোট ঋণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা। জুনে এই পরিমাণ ছিল ১৭ লাখ ৬৮ হাজার ৩৬৮ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত বা খেলাপি ঋণ উঠেছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার ওপরে। জুন মাসের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা— অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি বেড়েছে ৩৬ হাজার কোটি টাকার বেশি।
Copyright © 2026 All rights reserved.