প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুন, নিহত ১৩
হংকংয়ের তাই পো-তে ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১ কর্মীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এলাকাটির একাধিক ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দেশটির ফায়ার সার্ভিস প্রধানের বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে। তবে আগুন শুরুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রায় ১০০ দমকল গাড়ি ও ৭০০ কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।
ওয়াং ফুক কোর্টে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। ভবনগুলোতে সংস্কারের কাজ চলার কারণে সেগুলোর চারপাশে বাঁশের তৈরি মাচা ছিল।
এ ঘটনায় নিহত হয়েছেন হংকং ফায়ার সার্ভিসের কর্মী হো। প্রতিষ্ঠানটির প্রধান অ্যান্ডি ইউং বলেন, হাং চিওন ভবনের লিফটের বাইরে পড়ে থাকা অবস্থায় হোকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেওয়ার ৪৪ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়। ভবনটিতে কত মানুষ আটকা পড়েছেন সেই তথ্যও এখনো জানা যায়নি।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করা হয়েছে। এছাড়া, ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় জনসাধারণকে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ। এর আগে গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
Copyright © 2026 All rights reserved.