প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
বিএনপি ধর্মান্ধ নয়: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বিএনপি ধর্মান্ধ নয়। এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সব ধর্মের মানুষকে আমরা সম্মান করি।। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারাই আজ বেহেশতের টিকিট বিক্রি করে। কোনো রাজনৈতিক দল জান্নাতের টিকিট দিতে পারে?
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এ্যানি তার নির্বাচনীয় এলাকায় ভবানীগঞ্জ ইউনিয়নের চর-ভূতা গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা নারী ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বিগত সময় আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে বিজয়ী হলে আপনাদের এ ইউনিয়নের আরও ব্যাপক উন্নয়ন করবো। বিশেষ করে কৃষি খাতে বেশি কাজ করবো।
তিনি বলেন,আপনারা বিগত সময়ে দাঁড়িপাল্লাকে ভোট দেননি। সামনেও দিবেন না। কারণ তারা ধর্মের নামে অপরাজনীতি করে। পৃথিবীতে ধর্মীয় অনেক রাজনৈতিক দল রয়েছে। আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন।
মাদক প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার লক্ষ্য হচ্ছে পুরো লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করা। মাদকের সঙ্গে অনেক অপরাধ জড়িত। আপনারা সবাই সজাগ থাকুন মাদকের বিষয়ে।
উঠান বৈঠকে এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম আজাদ।
Copyright © 2026 All rights reserved.