প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
১০ মাসে ৭১০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ৫২৬
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব অঞ্চল সরাইলের অধীনস্থ ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টরে গত ১০ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর) মোট ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে এবং এই সময়ে ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে মাদক, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিজিবি সরাইল আঞ্চলিক সীমান্ত সুরক্ষায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাস ২৫ দিনে এই সাফল্য অর্জন করেছে। জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে শুধু ময়মনসিংহ সেক্টর এলাকা থেকেই ৫৫ কোটি ৯৪ লাখ টাকার চোরাইপণ্য এবং ৪ কোটি ৬৪ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এই সময়ে ময়মনসিংহ সেক্টরে চোরাইপণ্য সংক্রান্ত মামলায় ১৪ জন এবং মাদক সংক্রান্ত মামলায় ১০০ জন আসামিকে আটক করা হয়েছে।
কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম দমনে বিজিবি সদস্যরা ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থার ব্যবহার বাড়িয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জালনোট পাচার রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সরাইল আঞ্চলিক এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করাসহ ২৭টি ট্রাক, ৭৫টি ট্রলি, ৪৫টি ট্রাক্টর, ১৮টি লরি ও ৪০টি নৌকা জব্দ করা হয়।
Copyright © 2026 All rights reserved.