প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
এইচএসসি বাংলা প্রথম পত্রের সিলেবাস অপরিবর্তিত থাকছে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বিদ্যমান পাঠ্যসূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বুধবার (২৬ নভেম্বর) এক স্মারকের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। এনসিটিবি নিশ্চিত করেছে যে, পুনরায় কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চালু থাকা এই সিলেবাসই পরবর্তী শিক্ষাবর্ষগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে এবং এতে নতুন কোনো বিষয় যুক্ত করা হয়নি।
এনসিটিবি-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারীর সই করা স্মারকে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচিই কার্যকর থাকবে। যতক্ষণ পর্যন্ত নতুন কোনো নির্দেশনা না আসে, ততক্ষণ পর্যন্ত এই পাঠ্যসূচিই বহাল থাকবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে থাকা অনিশ্চয়তা দূর হলো। স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সকল শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি কার্যকর করতে পারে।
Copyright © 2026 All rights reserved.