প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে এই ভূকম্পন অনুভূত হয়। যদিও জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে। তবে এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের সম্ভাবনা নেই, তবে কিছু সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ কম্পন অনুভব করেন। প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলা হলেও, আন্তর্জাতিক সংস্থাগুলো এই মাত্রা ৬ দশমিক ২ উল্লেখ করেছে। কর্তৃপক্ষ ধারণা করছে, এর ফলে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু ব্যাপক হতাহতের সম্ভাবনা কম।
এর আগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ছিল বিগত বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন।
Copyright © 2026 All rights reserved.