প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
থাইল্যান্ড-ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ১১৬
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কর্তৃপক্ষ রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে এবং ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬১ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে আরও কমপক্ষে ১০০ জন নিখোঁজ রয়েছেন।
টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ থাইল্যান্ডের ৯টি প্রদেশ বিপর্যস্ত হয়েছে। থাই সরকার জানিয়েছে, বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের কাছে সহায়তা পৌঁছে দিতে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধারকাজে গতি আনতে নৌবাহিনীর বিমানবাহী রণতরী, ২০টি হেলিকপ্টার ও ট্রাকের বহর মোতায়েন করা হয়েছে। থাইল্যান্ডের হাট ইয়াই শহরে বৃহস্পতিবার থেকে পানি নামতে শুরু করায় যোগাযোগ পুনঃস্থাপন সহজ হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। দক্ষিণ থাইল্যান্ডে প্রায় ৩০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। প্রতিবেশী মালয়েশিয়ারও সাতটি অঙ্গরাজ্যে বন্যা দেখা দেওয়ায় দু’জন নিহত ও ৩৪ হাজারেরও বেশি মানুষ আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে, ৬ কোটি মানুষের দ্বীপ সুমাত্রায় একটি ট্রপিক্যাল সাইক্লোনের আঘাতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। সেখানে বিদ্যুৎ বিভ্রাট ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। পশ্চিম সুমাত্রা থেকে পাওয়া ছবিতে দেখা যায়, প্রবল স্রোত ও বৃষ্টির মাঝেও উদ্ধারকর্মীরা লোকজনকে কমলা রঙের রাবারের নৌকায় তুলছেন এবং মৃতদেহ বহন করছেন। আবহাওয়াবিদরা বলছেন, এই চরম বৈরী আবহাওয়া ফিলিপাইনের টাইফুন কোটো ও মালাক্কা প্রণালিতে অস্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া সাইক্লোন সেনইয়ারের সক্রিয় সিস্টেমের পারস্পরিক প্রভাবের কারণে হতে পারে।
Copyright © 2026 All rights reserved.