প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে কাজ করার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লুয়াং টাউন স্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দশকের মধ্যে এটি দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনার মধ্যে অন্যতম। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন রেলকর্মীরা একটি বাঁকানো রেললাইনে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে রেলকর্মীরা যখন ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন, ঠিক তখনই ট্রেনটি এসে তাঁদের ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে ওই স্টেশনটিতে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
চীনকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ রেলনেটওয়ার্কের দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে এবং প্রতি বছর কোটি কোটি ট্রিপ পরিচালিত হয়। তবে এর আগেও চীনে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনেও ট্রেনের ধাক্কায় ১১ জন কর্মী প্রাণ হারিয়েছিলেন। এছাড়াও, ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এক ভয়াবহ দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।
Copyright © 2026 All rights reserved.