প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামে এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সাহসিকতার সঙ্গে তিনি সেই জীবিত সাপটি ধরে দ্রুত হাসপাতালে হাজির হন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। বর্তমানে কৃষক হেলাল বিশ্বাস পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।
সকালে পদ্মার চরের ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ পায়ে সাপের কামড়ের ব্যথা অনুভব করেন। নিচে তাকিয়ে তিনি একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। এরপর তিনি আশপাশের অন্য কৃষকদের সহায়তায় সাপটি ধরে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান।
সাপে কাটা রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত হেলাল বিশ্বাসকে জীবিত সাপসহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছেন। আমরা দ্রুত তার চিকিৎসা শুরু করেছি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
Copyright © 2026 All rights reserved.